Connect with us

বিনোদন

কেমোথেরাপি পর কেমন আছেন তানিয়া বৃষ্টি

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণও করা হয়। পরে চেন্নাইয়ে গিয়ে আবার সার্জারি করাতে হয়। চিকিৎসার এই সময়টায় স্বাভাবিকভাবে কথাও বলতে পারতেন না। সেই মানুষটাই হঠাৎ লাইভে এসে ভক্ত ও সহকর্মীদের চমকে দিলেন।

‘অসুস্থ হওয়ার পর পরিবারের সঙ্গে অনেক দিন কোথাও বের হননি। যে কারণে হঠাৎ করেই আম্মু-আপুকে নিয়ে ঢাকার একটু বাইরে দুদিন থাকতে গিয়েছিলাম। আর কোনো কিছু না ভেবেই অনেক দিন পর ভক্তদের সঙ্গে একটু হাই-হ্যালো করতে ইচ্ছা হলো। মনে হলো একটু ভালো লাগছে—এই ভালো লাগাটা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করি। এভাবে লাইভে এসেছিলাম—ব্যস, সবাই সারপ্রাইজড হয়ে গেল। কিন্তু সবার এত এত ভালোবাসা পাব কল্পনাও করিনি বলে জানান তানিয়া বৃষ্টি।

চিকিৎসকের পরামর্শে এখনো বাসাতেই থাকতে হচ্ছে। এই সময় তাঁর সবচেয়ে বড় সঙ্গী ছয়টি পোষা বিড়াল। তানিয়া বলেন, ‘কোথাও বাইরে গেলেও অনেক সময় তাদের সঙ্গে নিয়ে যাই। তাদের সঙ্গে সময় কাটালে অনেক সুস্থ অনুভব করি। কেন যেন ওরা আমাকে খুব বোঝে।’ সবশেষে বললেন, ‘টানা আট মাস মানুষ আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমার ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁরা আমার শুভাকাঙ্ক্ষী। তাঁদের সবার কাছে আবারও কৃতজ্ঞতা।’

Continue Reading

Copyright © 2026 Dainik Bangla