খেলা
লায়ন হার্টেড ক্রিকেটার চাই
গুঞ্জন সত্যি করে জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারকেই নিয়োগ দিয়েছে বিসিবি। তাঁর নেতৃত্বে নতুন রূপ পাওয়া চার সদস্যের নির্বাচক কমিটির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে আমি একটু সময় নিয়েছিলাম, কারণ ক্রিকেট উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার আগের কাজটা আমি আসলেই খুব সন্তুষ্টি নিয়ে করছিলাম। আমার জন্য সহজ ছিল না সেটা ছাড়া। নতুন দায়িত্বে অবশ্যই চাপ অনেক বেশি থাকবে, সব সময় ফোকাসের মধ্যে থাকতে হবে। তবে আমি যেহেতু জাতীয় দলে খেলেছি, অধিনায়কত্ব করেছি, নির্বাচক হিসেবেও আগে কাজ করেছি—মাঝে দুই বছর বাদ দিলে ফোকাসের মধ্যে সব সময়ই ছিলাম।
আমি এমন কিছু খেলোয়াড় খুঁজব, যারা লায়ন হার্টেড প্লেয়ার, যাদের লড়াই করার মানসিকতা আছে। আমি লায়ন হার্টেড ক্রিকেটার চাই। মানসিকভাবে শক্ত কিছু খেলোয়াড় চাই আমি। স্কিল যত ভালোই হোক, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মানসিকভাবে শক্ত খেলোয়াড় থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে ও রকম শক্ত ক্যারেক্টার দরকার, আমি আসলে দলে কিছু ক্যারেক্টার চাই।
