প্রযুক্তি
ভিসা কার্ড থেকে স্মার্টফোন দিয়ে টাকা নিতে পারবেন বিক্রেতারা
এখন দোকানে গিয়ে কেনাকাটার পরে ভিসা কার্ড দিয়েই মূল্য পরিশোধ করা যাবে। এ জন্য লাগবে না কোনো পিওএস (পয়েন্ট অফ সেল) যন্ত্র। বিক্রেতারা তাঁদের মোবাইল ফোনেই ভিসা কার্ড থেকে লেনদেনের টাকা গ্রহণ করতে পারবেন।
দেশে ডিজিটাল লেনদেনব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজ করতে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ‘ভিসা’ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যৌথভাবে এই সেবা নিয়ে এসেছে। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘ভিসা একসেপ্ট’ সেবা।
ভিসার কর্মকর্তারা জানিয়েছেন, সেবাটি চালুর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা এখন বাড়তি কোনো খরচ ছাড়াই নিজের স্মার্টফোনকে পেমেন্ট টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারবেন। গত ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করা হয়। চলতি সপ্তাহ থেকে ইউসিবি অ্যাপের মাধ্যমে বিক্রেতারা এটি ব্যবহার করতে পারছেন।
ভিসা একসেপ্ট একটি ডিজিটাল পেমেন্ট সেবা, যা নির্দিষ্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে কার্ড রিডার বা টাকা নেওয়ার (পেমেন্ট রিসিভ করা) ডিভাইসে রূপান্তরিত করে। ফলে ব্যবসা পরিচালনার জন্য আর পিওএসর মতো দামি যন্ত্র কেনার প্রয়োজন হয় না।
এই সেবার মাধ্যমে গ্রাহক দুটি উপায়ে টাকা পরিশোধ করতে পারবেন। এক. কার্ড বা মোবাইল ফোনটি বিক্রেতার স্মার্টফোনে ‘ট্যাপ’ বা স্পর্শ করে। দুই. বিক্রেতার পাঠানো একটি নিরাপদ ‘পেমেন্ট লিংকের’ মাধ্যমে। গ্রাহকের পরিশোধ করা অর্থ সরাসরি বিক্রেতার ইউসিবি ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।
যেকোনো ব্যাংকের ইস্যু করা ভিসা কার্ডধারী গ্রাহকেরাই এই সুবিধার মাধ্যমে টাকা বা বিল পরিশোধ করতে পারবেন। এতে গ্রাহকের জন্য কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা খরচ লাগবে না। সেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে পাবেন তাঁরা।
