Connect with us

আন্তর্জাতিক

কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা রোগী শনাক্ত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা রোগী শনাক্ত হয়েছে। দেশটির একজন নাগরিক গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে দেশে ফেরার পর রাজধানী নাইরোবিতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছে কেনিয়ার কর্তৃপক্ষ। এক সংবাদ সম্মেলনে কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী অ্যাডেন ডুয়ালে জানান, আক্রান্ত ব্যক্তি সাত বছর কঙ্গোতে বসবাস করেছিলেন। প্রায় এক মাস ধরে অসুস্থ থাকার পর সড়কপথে কঙ্গো থেকে উগান্ডার রাজধানী কাম্পালায় যান তিনি। পরে বিমানে নাইরোবিতে পৌঁছান।

নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে গেলেও তখন তাকে শনাক্ত করা যায়নি। পরে এক স্বজন তাকে নাইরোবি হাসপাতালে নিয়ে যান। সেখানে জ্বর, কাঁপুনি এবং ত্বকের নিচে রক্তক্ষরণ নিয়ে ভর্তি করা হলে দ্রুত তাকে আইসোলেশনে রাখা হয়। স্থানীয় সময় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক প্যাট্রিক আমোথ বলেন, ওষুধ সেবনের কারণে আক্রান্ত ব্যক্তির উপসর্গ সাময়িকভাবে ঢাকা পড়ে থাকতে পারে। এ কারণেই বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষার সময় তিনি শনাক্ত না হয়ে থাকতে পারেন।

এর মধ্য দিয়ে পূর্ব কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত তৃতীয় দেশ হিসেবে কেনিয়ার নাম যুক্ত হলো। এই প্রাদুর্ভাব এখন পর্যন্ত বিশ্বে নথিভুক্ত দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণ। এতে ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

Continue Reading

Copyright © 2026 Dainik Bangla