বিনোদন
৬০ বছরে জাহিদ হাসান

কথোপকথন যত সহজ, সংখ্যাটা যেন ততটাই অবিশ্বাস্য জাহিদ হাসানের কাছে। আজ ৪ অক্টোবর ২০২৬, ৬০ বছরে পা রাখছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনয়শিল্পী। নব্বইয়ের দশকে জনপ্রিয়তা পাওয়া জাহিদ হাসান এখনো অভিনয় দিয়ে দর্শককে হাসান-কাঁদান। তবে ৬০ বছরে এসে জীবনের দিকে ফিরে তাকিয়ে তাঁর উপলব্ধিতে এসেছে ভুল, অনুতাপ এবং মানুষের জন্য কিছু করার তাগিদ।
পরিবারের ভাইবোনদের মধ্যে সবার ছোট জাহিদ। তাই বয়স বাড়লেও পরিবারের কাছে এখনো তিনি ছোটই। তাঁর ভাষায়, বয়স যে এতটা বেড়েছে, তা ভাবনার মধ্যেই আসে না।
এই বয়সে নিজের ভুলের কথাও অকপটে স্বীকার করছেন অভিনেতা। জীবনে অনেক ভুল করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষ হিসেবে ভুল হওয়াটাই স্বাভাবিক। অতীতের কোনো ভুল বা কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করে আগামী জীবনটা মানুষের কাজে লাগানোর প্রত্যাশা জানিয়েছেন তিনি।
শুধু নিজের ভালো থাকার কথা কখনো ভাবেননি জাহিদ। বরং সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন। তাঁর বিশ্বাস, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা থাকলে দেশেরও উন্নতি হবে।
দুই সন্তানের বাবা জাহিদ হাসান। বড় মেয়ে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্ট পড়ছেন। ছেলে এ লেভেল শেষ করেছেন এবং শিগগির উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা রয়েছে। মেয়েকে প্রায়ই মনে পড়ে তাঁর। ফোনে মেয়ের কণ্ঠে পরিবার ও বাবাকে মিস করার কথা শুনলে আবেগাপ্লুত হয়ে পড়েন জাহিদ। তিনি এমনিতেই আবেগপ্রবণ; ভালো কিছু শুনলেও চোখে পানি আসে, আর অন্যের কষ্ট দেখলে আরও বেশি অনুভূত হন।