বাণিজ্য
নারীদের নিরাপদ যাতায়াতের নতুন অ্যাপ ‘মায়া রাইড’

ঢাকার ব্যস্ত সড়কে এখন দেখা মিলছে এমন এক দৃশ্যের, যেখানে স্কুটারের চালক ও পেছনের যাত্রী—দুজনই নারী। নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ তৈরি করতে চালু হয়েছে ‘মায়া রাইড’, যার নারী চালকদের বলা হয় ‘মায়াবী’।
ফাহাদ চৌধুরী ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস গত এপ্রিল মাসে ‘উইমেন-ফার্স্ট রাইড সার্ভিস’ স্লোগানে উদ্যোগটি শুরু করেন। শুরুতে মোটরসাইকেল দিয়ে যাত্রা হলেও বর্তমানে এতে প্রাইভেট কার ও কার-শেয়ারিং সেবাও যুক্ত হয়েছে। অপরিচিত পুরুষ চালকের সঙ্গে মোটরসাইকেলে চলাচলে অস্বস্তি বোধ করেন—এমন নারীদের জন্য বিকল্প তৈরি করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।
মায়ার একজন চালক সাথী জানান, সংসার ও ছয় বছর বয়সী মেয়ের দেখাশোনার পাশাপাশি সুযোগ পেলেই তিনি স্কুটার নিয়ে রাস্তায় বের হন। গত জুলাই থেকে তিনি ৩৮টি রাইড দিয়েছেন। তাঁর মতো অনেক নারী চালক নিজেদের সুবিধামতো এই কাজে যুক্ত হচ্ছেন।
এখন পর্যন্ত মায়ার কাছে ৬০০টির বেশি রাইডের অনুরোধ এসেছে এবং ৪০০টির বেশি রাইড সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে সাত থেকে আটটি রাইড হচ্ছে। তবে নারী চালকের সংখ্যা কম হওয়ায় প্রায় এক-তৃতীয়াংশ অনুরোধ পূরণ করা সম্ভব হয় না। গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর ও বসুন্ধরা থেকে বেশি বুকিং আসে।
মায়ার নিজস্ব অ্যাপ এখনো চালু হয়নি। ওয়েবসাইট, ফেসবুক ও ফোনের মাধ্যমে আগে থেকে বুকিং দিতে হয়। পাশাপাশি স্কুলগামী শিশুদের জন্য ‘মায়া কিডস’ সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তাদের লক্ষ্য আগামী দিনে আরও দক্ষ ও যাচাইকৃত নারী চালক যুক্ত করা এবং নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি তাঁদের জন্য আয়ের সুযোগ তৈরি করা।